
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। একই সঙ্গে প্রান্তিক পর্যায়ের কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের ঘোষণাও দিয়েছেন তিনি, যাতে চিকিৎসার জন্য রোগীদের আর ঢাকামুখী হতে না হয়।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য খাতে সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী ছয় মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন আমরা কী কাজ করেছি। দেশের সব ৫০ শয্যার হাসপাতালকে আমরা ১০০ শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি। স্বাস্থ্যসেবাকে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব।”
দেশে কিডনি রোগের প্রকোপ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে এই রোগটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তাই রোগীদের সুবিধার্থে আমরা প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার, জেলা সদর হাসপাতালে ১০ শয্যার এবং সারা দেশের প্রতিটি উপজেলায় আরও ১০ শয্যা করে কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপন করছি। এতে আমাদের কিডনি রোগীদের আর ঢাকায় গিয়ে কষ্ট করতে হবে না।”
এছাড়া নিজ জেলা নরসিংদীর উন্নয়নের কথা তুলে ধরে মন্ত্রী জানান, অত্যাধুনিক চীনা প্রযুক্তির সহায়তায় নরসিংদীতে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। একই সঙ্গে নারীদের সুবিধার্থে দুটি বিশেষ ‘লেডিস কর্নার’ করার ঘোষণাও দেন তিনি।
শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে জনকল্যাণমূলক কাজের কথা উল্লেখ করে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “আমরা অসহায় নারীদের সেলাই মেশিন এবং যারা হাঁটতে পারেন না তাদের হুইলচেয়ার দেব। সমগ্র জনগোষ্ঠীর উপকারে আসে এমন সব কাজই আমরা করব। নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আব্দুল হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন।
প্রকাশক ও সম্পাদক: শেখ শামীম কলমাকান্দা, নেত্রকোণা।
মোবাইল: ০১৬০১০৭২৫০৭ / ০১৭২৫-০৭২৫১২।
Copyright © 2026 Agrodoot Post. All rights reserved.