
নিজস্ব প্রতিতবেদক: নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিক আবির তালুকদারকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত অটোরিকশাচালক জয় মিয়া (২২) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
শনিবার (৪ জুলাই) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আবিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই কিশোরী মোহনগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। তার সাথে গ্রেপ্তারকৃত আবির তালুকদারের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার দুপুরে ওই ছাত্রী তার এক চাচাতো বোনকে সাথে নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে শহরে বের হয়। এ সময় দেখা করার কথা বলে প্রেমিক আবির অটোরিকশাচালক জয় মিয়ার গাড়িতে করে তাদের দুজনকে জয়ের ভাড়া বাসায় নিয়ে যায়।
বাসায় পৌঁছানোর পর চাচাতো বোনকে পাশের একটি কক্ষে বসিয়ে রেখে আবির ও ওই ছাত্রী কথা বলছিল। আলাপের একপর্যায়ে আবির সুকৌশলে কক্ষ থেকে বেরিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, এ সুযোগে অটোরিকশাচালক জয় মিয়া ওই কক্ষে প্রবেশ করে স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পরপরই অভিযুক্ত দুজন বাসা থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী সেখান থেকে বেরিয়ে সরাসরি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসার দ্বারস্থ হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে মোহনগঞ্জ থানা পুলিশকে অবগত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে ভুক্তভোগীর সুচিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীতে শুক্রবার বিকেলেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নওহাল এলাকার শিশুপার্ক সংলগ্ন স্থান থেকে ধর্ষণে সহায়তাকারী প্রেমিক আবির তালুকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারকৃত আবির তালুকদার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাকরপুর গ্রামের মশিউর তালুকদারের ছেলে। সে তার পরিবারের সাথে মোহনগঞ্জ পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় বসবাস করে আসছিল।
অন্যদিকে, মূল অভিযুক্ত ধর্ষক জয় মিয়া একই উপজেলার খসিদপুর গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। সে মোহনগঞ্জ পৌর শহরের বার্ত্তারগাতী এলাকায় একটি ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতো। তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় সম্প্রতি সে গ্রামের বাড়িতে চলে গেছে, আর এই ফাঁকা বাসাতেই সে এ ঘটনা ঘটায়।
এ ন্যক্কারজনক ঘটনার পর শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় জয় মিয়াকে প্রধান আসামি করে ধর্ষণের অভিযোগ এবং আবির তালুকদারের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
সার্বিক বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ধর্ষণে সহযোগিতার অভিযোগে প্রেমিক আবিরকে গ্রেপ্তার করে আজ (শনিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত ও পলাতক আসামি জয় মিয়াকে গ্রেপ্তারে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া মামলার তদন্তসহ অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।”
প্রকাশক ও সম্পাদক: শেখ শামীম কলমাকান্দা, নেত্রকোণা।
মোবাইল: ০১৬০১০৭২৫০৭ / ০১৭২৫-০৭২৫১২।
Copyright © 2026 Agrodoot Post. All rights reserved.