
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবট নির্মাণ প্রতিযোগিতা 'MATE ROV International Underwater Robot Competition 2026'-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (MIST) অদম্য দল 'MIST MAVIROV'। বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা এই চ্যাম্পিয়ন টিমের সদস্যদের সম্মান জানাতে এবং নেত্রকোনা জেলার বিজ্ঞান ও রোবটিক্সে আগ্রহী তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে শনিবার (০৮ আগস্ট) বিশেষ সংলাপ ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনন্দঘন ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশ্বজয়ী 'MIST MAVIROV' টিমের সদস্যরা তাদের আন্তর্জাতিক প্রতিযোগিতার রোমাঞ্চকর অভিজ্ঞতা নেত্রকোনার তরুণ বিজ্ঞান উৎসাহীদের সাথে ভাগ করে নেন। তারা আন্ডারওয়াটার রোবট তৈরির বিভিন্ন জটিল ধাপ, উদ্ভাবনী চিন্তার প্রয়োগ, প্রতিযোগিতায় আসা তাৎক্ষণিক সমস্যা সমাধানের কৌশল এবং ভবিষ্যতের উদীয়মান প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শূন্য থেকে শুরু করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার এই ধারাবাহিক সাফল্যের গল্প নেত্রকোনার শিক্ষার্থীদের নতুনভাবে স্বপ্ন দেখতে এবং বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রে আরও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে গভীর অনুপ্রেরণা জোগায়।
এ সময় নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্বজয়ী টিমের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তরুণদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আজকের এই তরুণরাই আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের তরুণদের এমন অভাবনীয় সাফল্য নতুন প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণায় আরও বেশি আগ্রহী করে তুলবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, রোবটিক্স ও গবেষণার প্রতিও গভীর আগ্রহী হতে হবে। সঠিক দিকনির্দেশনা, অধ্যাবসায় ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদের নেত্রকোনার ছেলেরাও একদিন আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য এমন গৌরব বয়ে আনতে সক্ষম হবে।”
নেত্রকোনার শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ ধরনের সংলাপ তাদের চিন্তার পরিধি বহুগুণ বাড়াবে, নতুন ও সৃজনশীল কিছু করার সাহস জোগাবে এবং ভবিষ্যতে উদ্ভাবনী কাজে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যেতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।
সংলাপ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, উদীয়মান তরুণ বিজ্ঞানী ও রোবটিক্সে আগ্রহী অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়েই শিক্ষার্থীদের মাঝে ছিল দারুণ উচ্ছ্বাস ও বিশ্বজয়ীদের কাছ থেকে নতুন কিছু শেখার প্রবল আগ্রহ।
প্রকাশক ও সম্পাদক: শেখ শামীম কলমাকান্দা, নেত্রকোণা।
মোবাইল: ০১৬০১০৭২৫০৭ / ০১৭২৫-০৭২৫১২।
Copyright © 2026 Agrodoot Post. All rights reserved.