
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ মো. জামাল মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কুমুদগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত মো. জামাল মিয়া নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজুড়া গ্রামের মৃত সুরুজ আলী ও মৃত আছিয়া খাতুনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনা সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম পূর্বধলা থানাধীন এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে টিমটি গোহালাকান্দা ইউনিয়নের কুমুদগঞ্জ বাজারস্থ ইদ্রিস মিয়ার মুদি দোকানের পূর্ব পাশে শ্যামগঞ্জ-দুর্গাপুরগামী পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে জামাল মিয়াকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার কাছ থেকে একটি জিপারযুক্ত সাদা রঙের পলি প্যাকেটের ওপর খাঁকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৯০৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৯০.০৫ গ্রাম। উদ্ধারকৃত এসব ইয়াবার অবৈধ বাজারমূল্য আনুমানিক তিন লাখ ৬২ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি। এ সময় মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত একটি সিমযুক্ত বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৬৩ হাজার পাঁচশো টাকা।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
প্রকাশক ও সম্পাদক: শেখ শামীম কলমাকান্দা, নেত্রকোণা।
মোবাইল: ০১৬০১০৭২৫০৭ / ০১৭২৫-০৭২৫১২।
Copyright © 2026 Agrodoot Post. All rights reserved.