নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) জেলা শাখা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আরজেএফের জেলা সভাপতি সুজাদুল ইসলাম ফারাস। এতে স্থানীয় সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

একই দিন আলিফের গ্রামের বাড়ি কলমাকান্দার সুনই ফকির বাড়ি মোড়েও তাঁর পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় নিহতের বড় ভাই শহিদুল ইসলাম ফকির হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তাঁর অভিযোগ, সীমান্ত এলাকার বিভিন্ন অপরাধ নিয়ে লেখালেখির কারণে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্রাইল বাজারসংলগ্ন তেলনজিয়া এলাকায় গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।
এ ঘটনায় তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণ ও সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব রয়েছেন। আদালত তাঁদের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।