কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলমাকান্দা স্টেডিয়াম মাঠ থেকে বের হওয়া র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে প্রায় চার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

র্যালিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় লাঠিখেলার প্রদর্শনী ছিল অন্যতম আকর্ষণ। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদলে সাজানো তিন শিশুর অংশগ্রহণও নজর কাড়ে।

র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্যসচিব সোলায়মান হক ও যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান রতন। এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস ছালাম কেরন, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম ও মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নল ও সদস্যসচিব ইয়াসিন আরাফাত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল এবং যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হাসান সৌরভসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।