• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]

মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাত জেলের মৃত্যুতে নয়াপাড়ায় শোকের ছায়া

সংবাদদাতার নাম: / ৮৮ ভিজিটর :
সংস্করণ : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে নৌকায় করে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও তিন জেলে আহত হয়েছেন। আহতরা সবাই বজ্রপাতের বিকট শব্দে কানে কম শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৬ আগস্ট) ভোররাতে উপজেলার মহিষাসুরা হাওরে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাস ও উমাতারা দাসের ছেলে। অন্যদিকে, এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তারা চারজনই পেশায় মৎস্যজীবী এবং একে অপরের প্রতিবেশী।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে এই চার মৎস্যজীবী প্রতিদিনের মতোই নৌকায় করে মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। বুধবার ভোররাতে হাওরে জাল ফেলার সময় হঠাৎ বিকট শব্দে নৌকার ওপর বজ্রপাত হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই রতন দাস মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ সময় তার সাথে থাকা অপর তিন জেলে আহত হন এবং সাময়িকভাবে তাদের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত হাওরে ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, রতন দাসের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারসহ পুরো নয়াপাড়া গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ভোররাতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ ঘটনায় কলমাকান্দা থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar